বিনোদন edit this post

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক

কবি জীবনানন্দ দাশের কবিতার মতোই যেন এক দীর্ঘ অপেক্ষার নাম ‘বনলতা সেন’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত সাড়া না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে এবার মিলেছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি। এ আয়োজনে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘বনলতা সেন’।

জীবনানন্দ দাশের জীবনবোধ ও কাব্যজগৎ থেকে অনুপ্রেরণা নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। কবির সৃষ্টি ও দর্শনকে পর্দায় তুলে ধরার এই প্রচেষ্টায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজ।

কেরালা উৎসবের মূল প্রতিযোগিতায় সিনেমাটি নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিচালক।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, কবি জীবনানন্দ দাশের মতো তার ‘বনলতা সেন’ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি পাবে না বলে একসময় মনে করেছিলেন। তবে বার্লিন ও টরন্টোর মতো উৎসবে পুরস্কৃত সিনেমা এবং কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের কাজের সঙ্গে একই প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়াকে সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি। তার মতে, কেরালা উৎসবের মধ্য দিয়ে ‘বনলতা সেন’-এর আন্তর্জাতিক যাত্রা শুরু হলো।

আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে শুরু হবে উৎসবটির ৩১তম আসর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত নির্মাতাদের সিনেমা অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার তালিকায় রয়েছে প্রখ্যাত ভারতীয় নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’। এ ছাড়া বার্লিন চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পাওয়া ব্রাজিলীয় নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’ এবং টরন্টো চলচ্চিত্র উৎসবে আলোচিত ফিলিপিনো নির্মাতা লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ রয়েছে এ তালিকায়। প্রতিযোগিতা বিভাগে আরও রয়েছে মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ইরানি সিনেমা ‘স্ল্যাম্বার’।

সব মিলিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ‘বনলতা সেন’। দেশের প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া না পাওয়া সিনেমাটির জন্য আন্তর্জাতিক এই স্বীকৃতি নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। জীবনানন্দ দাশের সাহিত্য ও দর্শননির্ভর গল্প এবার দেশের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ মঞ্চে।

 

এসি//