বিনোদন

শেষ মুহূর্তে বাতিল লাকি আলীর বাংলাদেশ সফর

বিনোদন ডেস্ক

বাংলাদেশের মঞ্চে আবারও গান শোনানোর কথা ছিল ভারতীয় সংগীতশিল্পী লাকি আলীর। তিন বছর পর তার কণ্ঠে প্রিয় গানগুলো সরাসরি শোনার অপেক্ষায় ছিলেন এ দেশের সংগীতপ্রেমীরা। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো না। কনসার্ট শুরুর মাত্র এক দিন আগে বাতিল করা হয়েছে তার বাংলাদেশ সফর।

বাতিলের কারণ হিসেবে ‘অনিবার্য পরিস্থিতির’ কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আকস্মিক এ ঘোষণায় হতাশ হয়েছেন আগেভাগে টিকিট কাটা দর্শকেরা।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পেজ থেকে কনসার্ট বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ইকিউব এন্টারটেইনমেন্ট। একই সঙ্গে জানানো হয়, আগে কেনা টিকিট দিয়ে কনসার্টে প্রবেশের সুযোগ থাকছে না। দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

এই আয়োজনে লাকি আলীর সঙ্গে বাংলাদেশের কয়েকটি ব্যান্ডেরও মঞ্চে পারফর্ম করার কথা ছিল। ফলে শুধু শিল্পীর গান শোনাই নয়, দেশি-বিদেশি শিল্পীদের এক মঞ্চে দেখার প্রত্যাশাও ছিল দর্শকদের।

কনসার্টের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল তিনটি শ্রেণিতে। সাধারণ শ্রেণির টিকিটের মূল্য ছিল ৪ হাজার টাকা, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি শ্রেণির টিকিটের দাম ছিল ১২ হাজার টাকা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে অর্থ ফেরতের আবেদন করেছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়া হয়েছে। অন্য টিকিটধারীদের ই-মেইলে পাঠানো লিংকে প্রবেশ করে ‘গেট মাই রিফান্ড’ অপশনে ক্লিক করতে বলা হয়েছে। এরপর বিকাশ, নগদ অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে টিকিটের মূল্য ফেরত নেওয়া যাবে।

তবে শেষ মুহূর্তে কনসার্ট বাতিলের প্রকৃত কারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

সব মিলিয়ে লাকি আলীর গান সরাসরি শোনার যে অপেক্ষা তৈরি হয়েছিল, তা আপাতত অপূর্ণই থেকে গেল। এখন সংগীতপ্রেমীদের আগ্রহ, কবে আবার বাংলাদেশের মঞ্চে ফিরবেন এই জনপ্রিয় শিল্পী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লাকি আলী #ভারতীয় সংগীতশিল্পী