মিশরের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মোহাম্মদ সালাহ। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে। মালাউইয়ের বিপক্ষে জোড়া গোল করে সাবেক লিভারপুল তারকা ছাড়িয়ে গেছেন এত দিন শীর্ষে থাকা হোসাম হাসানকে।
আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (১৩ নভেম্বর) মালাউইকে ৫-০ গোলে হারায় মিশর। দলের বড় জয়ের রাতে রেকর্ড গড়ার সুযোগ কাজে লাগান ৩৪ বছর বয়সী সালাহ।
ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে ৬৯ গোল করা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করেন সালাহ। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। তাতেই মিশরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে শীর্ষে উঠে আসেন তিনি।
২০১১ সালে মিশর জাতীয় দলে অভিষেক হয় সালাহর। এরপর দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন ১২৩টি ম্যাচ। এই সময়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭০-এ।
একসময় যে রেকর্ডের মালিক ছিলেন মিশরের সাবেক কোচ ও ফুটবলার হোসাম হাসান, এবার সেই রেকর্ড নিজের করে নিলেন সালাহ। জোড়া গোলের রাতে শুধু দলের বড় জয়ই নিশ্চিত করেননি, মিশরীয় ফুটবলের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন নতুন করে।
এসি//