সিরিজের চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট দল। ৩৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেল রোহিত-কোহলিদের দল। মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ২৪৪ রানে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। রান ব্যবধানে এটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় বৃহত্তম পরাজয়।
শুক্রবার (১৩ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক কিউইরা ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে।
ভারতের বিপর্যয় শুরু ইনিংসের প্রথম ওভার থেকে। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি প্রথম ওভারেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে শূন্য রানে ফিরিয়ে দেন ড্রেসিং রুমে। প্রথম ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ০ রানে ৩ উইকেট। ভারতের বিপক্ষে ম্যাট হেনরি একাই নেন ৬টি উইকেট। ৯.৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ভারতীয় ব্যাটিং অর্ডারকে কার্যত ধ্বংস করেন তিনি। এ ম্যাচে ম্যাথিউ ফিশার পান ৩টি উইকেট।
ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ঈশান কিষাণ ৫৩ বলে ২৭ রান। অক্ষর প্যাটলে করেন ২১ রান। শেষ পর্যন্ত মাত্র ২৬.৪ ওভারে ৮৯ রানে অলআউট হয়ে যায় ভারত। এটি ওয়ানডে ক্রিকেটে তাদের ষষ্ঠ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এর আগে টস হেরে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সংগ্রহ করে ৩৩৩ রান । দুরন্ত শতরান করেন উইল ইয়ং। এ ম্যাচে তাঁর সংগ্রহ ১২৫ রান। টিম সাইফাট করেন ৫৮ রান।
আর ওয়ানডেতে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমেই এমন বড় হারের সাক্ষী হলেন শ্রেয়াস আইয়ার। নিয়মিত অধিনায়ক শুভমান গিল টেস্ট সিরিজের প্রস্তুতিতে যোগ দেওয়ায় শেষ দুই ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন তিনি।
অবশ্য বড় হারের পরও সিরিজে এগিয়ে রয়েছে ভারত। প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় এখন তাদের ব্যবধান ২-১। ফলে সিরিজ জয়ের সুযোগ এখনো ভারতের সামনেই। অন্যদিকে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড।
আগামী (১৫ নভেম্বর) একই মাঠে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
এমজে/এ