আন্তর্জাতিক

মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’ জারি, নাগরিকদের ঘরে থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

টানা রেকর্ডভাঙা ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশপাশের বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় রোববার (০৫ জুলাই) পুরো মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবারের ভারী বর্ষণের পর রোববারও মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ অবস্থায় নগর কর্তৃপক্ষ ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জরুরি সহায়তার জন্য তাদের হেল্পলাইন নম্বর ১৯১৬-এ যোগাযোগ করতে বলেছে।

বিএমসির স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্রের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় শহরের অনেক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি এবং কয়েকটি স্থানে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। ভিখরোলি পশ্চিম এলাকায় সর্বোচ্চ ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া কোলাবা পাম্পিং স্টেশন ও ঠাকুর নগর এলাকাতেও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। মালাবার হিল, আন্দেরি, জোগেশ্বরী ও গোরেগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জলাবদ্ধতায় ডুবে গেছে।

শনিবার মাত্র ১২ ঘণ্টার টানা বৃষ্টিতেই শহরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়। বিভিন্ন সড়কে ধস, গাছ উপড়ে পড়া এবং জলাবদ্ধতার কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রোববার সকালে বাস ও মেট্রো চলাচল আংশিক স্বাভাবিক থাকলেও রেললাইনে পানি জমে থাকায় সেন্ট্রাল ও ওয়েস্টার্ন লাইনের লোকাল ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলাচল করছে।

এদিকে বিকেলের দিকে মুম্বাই উপকূলে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের পূর্বাভাস থাকায় উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, সোমবার ভোরেও ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ার আঘাত হানতে পারে।

মুম্বাইয়ের পাশাপাশি থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনে অঞ্চলেও ভারী বর্ষণের প্রভাব পড়েছে। অনেক এলাকায় জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা দল।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনভর মুম্বাই ও আশপাশের এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #রেড অ্যালার্ট #বৃষ্টি