আবহাওয়া

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় বজ্রসহ ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।            

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।    

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালাকা থেকে ভারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। 

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

পি/ডি

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া অধিদপ্তর #পূর্বাভাস