টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাব রাজধানীর কাঁচাবাজারে পড়েছে। বেড়েছে সবজি, মাছ ও ডিমের দাম। বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে মাছের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে চাল ও মাংসের দাম আগের মতোই রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যেও বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল স্বাভাবিক।
বর্ষাকাল হওয়ায় বাজারে শাকের সরবরাহ ভালো রয়েছে। লাল শাকের আঁটি ১০ টাকা এবং পুঁইশাক ১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে অন্যান্য সবজির দাম বেড়েছে। আলু কেজিতে ২৫ টাকা, লাউ ৫০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৯০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং শসা ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম মানভেদে প্রতিকেজি ৮০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কাঁচা কলার হালি ২০ টাকা, পেঁপে কেজিপ্রতি ৫০ টাকা এবং চালকুমড়া প্রতিপিস ২০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের বাজারে নতুন করে দাম না বাড়লেও আগের তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৫ টাকা, মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা, নাজিরশাইল ৯০ টাকা এবং চিনিগুড়া চালের দাম ২০০ টাকারও বেশি।
এদিকে ডিমের বাজারেও অস্বস্তি বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা দাম বেড়েছে। বর্তমানে সাদা ডিমের ডজন ১২০ টাকা এবং ব্রাউন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে একই ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।
ডিম ব্যবসায়ীরা জানায়, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও ডিমের দাম বাড়াতে হয়েছে।
মুরগির বাজারেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি ৩৩০ থেকে ৩৬০ টাকা, লেয়ার ৩২০ থেকে ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও স্বস্তি নেই। বড় রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, মাঝারি রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৩৪০ থেকে ৪৮০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ২০০ থেকে ৩৫০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪৫০ টাকা, ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকা, শিং ৩০০ থেকে ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ৫০০ টাকা এবং চিংড়ি মানভেদে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ইলিশের দামও উচ্চ পর্যায়ে রয়েছে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ীদের অভিযোগ, কয়েক মাস ধরে মাছের বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
এমএ//