টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই তিনি বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকায় যান। সেখানে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা যায়, বাঁশখালী সফর শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করবেন। এছাড়া চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার দুর্গত মানুষের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণের কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখনো বহু পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
পি/ডি