অর্থনীতি

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

বায়ান্ন প্রতিবেদন

একদিনের ব্যবধানে আবারও স্বস্তির খবর স্বর্ণের বাজারে। টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের গহনার দাম কমেছে চার হাজার ৩৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন মূল্যতালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে করা হয়েছে দুই লাখ নয় হাজার ৮৯৪ টাকা।

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার নতুন দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে গত ১৩ জুলাইও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয়েছিল দুই হাজার ২১৬ টাকা। সেই হিসেবে টানা দুই দফায় ভালো মানের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম মোট কমেছে চার হাজার ৩৭৪ টাকা।

১৩ জুলাই থেকে কার্যকর মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল দুই লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল এক লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই মূল্যেই স্বর্ণের গহনা বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার গহনার মূল্যও ভ্যাটসহ নির্ধারণ করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম চার হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের দাম চার হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম তিন হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮৫৮ টাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #দাম