ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে বড় ধাক্কা খেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ইতোমধ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে তিনি দেশের পথে রয়েছেন।

চলতি সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করে বর্তমানে টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই একই ধরনের চোটে পড়ে মাঠের বাইরে চলে যান মোস্তাফিজুর রহমান। এবার শরিফুলের ছিটকে যাওয়া বাংলাদেশের পেস লাইনে বড় ধাক্কা দিল

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি শরিফুল। তবে এর আগে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও, শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সে ম্যাচে ৪৪ রান দিয়ে একাই শিকার করেন ৪ উইকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে শরিফুলের অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। দেশে ফিরে তিনি বিসিবির চিকিৎসক ও ফিজিওদের সরাসরি তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করবেন

মোস্তাফিজের পর শরিফুলের এই আকস্মিক বিদায় বাংলাদেশ দলের বোলিং লাইনে বড় শূন্যতা তৈরি করলেও, সিরিজের বাকি দুই ম্যাচে নতুন বিকল্প ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে টাইগারদের

 

আড়/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ইনজুরি #শরিফুল ইসলাম