শিক্ষা

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ছবি: সংগৃহীত ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের নতুন তারিখ এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল। শিক্ষা বোর্ডগুলোও সে অনুযায়ী কাজ এগিয়ে নিয়েছিল। তবে সাম্প্রতিক বিভিন্ন জরুরি প্রশাসনিক কার্যক্রমের কারণে ফল প্রস্তুতের কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হবে।

ফল চলতি মাসের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি, ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।’

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। 

এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এসএসসি #এসএসসি ফল #রেজাল্ট