নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে ইমন মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের গামরুলী গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে গণ পিটূনি খাওয়ার পর নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামা
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গামরুলী দক্ষিণ পাড়ার বাসিন্দা লিটন ডাক্তারের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়। শনিবার সকালে চুরি হওয়া ওই স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে পার্শ্ববর্তী আঠারোবাড়ী বাজারে নিয়ে যাচ্ছিলেন ইমন। সে সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটকে তল্লাশি চালায় এবং তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে। এতে ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনতা তাকে গণপিটুনি দেয়।
পরে আহত অবস্থায় তাকে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, চুরির মালামালসহ হাতেনাতে ধরা পড়ার পর গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।
আর/আই