সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আবেদনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন মোজাফফর হোসেন। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করছেন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার মোজাফফরকে হাজির করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আই/এ