চট্টগ্রামের বোয়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়দেব সেনগুপ্তের ছেলে এবং একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (২৭ জুলাই) সকালে শাকপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামে এ ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা অমিতকে নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, ব্যক্তিগত বা প্রেমসংক্রান্ত কারণে অমিত আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পি/ডি