আন্তর্জাতিক

পরীক্ষা জালিয়াতি ঠেকাতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

আন্তর্জাতিক ডেস্ক

পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিডিও বার্তায় মোদি বলেন, নবগঠিত টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের জাতীয় পরীক্ষাগুলোর নিরাপত্তা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পরই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানোর এ উদ্যোগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

মোদি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিয়মে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে গঠিত এ টাস্কফোর্সে স্থান পেয়েছেন তথ্যপ্রযুক্তি ও শিক্ষা খাতের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে রয়েছেন নন্দন নিলেকানি, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃত লাল মিনা।

ইউআইডিএআই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একস্টেপ ও ই-গভ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি আইআইটি বোম্বের স্নাতক। পদ্মভূষণ ও জোসেফ শুম্পিটার পুরস্কারপ্রাপ্ত এই প্রযুক্তিবিদের অভিজ্ঞতা ভারতের জাতীয় পরীক্ষা পদ্ধতিকে আরও আধুনিক, নিরাপদ ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #নরেন্দ্র মোদি #ককরোচ জনতা পার্টি