শিক্ষা

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও আন্দোলনে শেকৃবির শিক্ষার্থীরা

শেকৃবি প্রতিনিধি

মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। তারা ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনুষদের শিক্ষার্থীদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন প্রতিশ্রুতি দিলেও নির্ধারিত সময়ে অর্থ কমিটির (এফসি) সভা অনুষ্ঠিত হয়নি। তাই তারা আবার আন্দোলনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস অনুযায়ী সোমবার বিকেলে এফসি কমিটির সভা হওয়ার কথা ছিল। ওই সভায় তাদের দীর্ঘদিনের দাবি—ইন্টার্নশিপ চলাকালে টিএ-ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) চালুর বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে তারা আশা করেছিলেন। কিন্তু পরে জানতে পারেন, নির্ধারিত দিনে সভাটি অনুষ্ঠিতই হয়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৪ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছিলেন তারা।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার (২৬ জুলাই) বিকেলে নতুন করে একটি সভা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের প্রশাসনের ওপর আস্থা রেখে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়।

তবে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তারা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় #শেকৃবি #অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন #এএসভিএম