সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ১০(১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে তিনি একই পদে পুনর্নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হতে পারেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
আই/এ