প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘ এই বিরতি শেষে স্বস্তি নিয়ে ফের পরীক্ষায় বসছেন এই অঞ্চলের প্রায় এক লাখ শিক্ষার্থী।
বন্যা ও দুর্যোগকালীন পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ২৩ জুলাই ঘোষনা দেন যে আগামী ২৭ জুলাই থেকে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৬ জুলাই প্রাকৃতিক দুর্যোগ, বানভাসি এলাকার যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় এবং পরীক্ষার্থীদের সার্বিক মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম বোর্ডের তৎকালীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
একই সিদ্ধান্তের আওতায় মাদরাসা ও কারিগরি বিভাগের পরীক্ষাসমূহও স্থগিত রাখা হয়। পরবর্তীতে মাঠপর্যায়ের পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী পুনরায় ২৭ জুলাই থেকে স্থগিত পরীক্ষাগুলো চালুর ঘোষণা দেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা। পাশাপাশি দুপুরের পর খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, দেশের বাকি ৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত ও নিয়মিত রুটিন মেনেই সারা দেশে একযোগে চলমান রয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, অনিবার্য কারণে যেসব পরীক্ষা পূর্বে স্থগিত হয়েছিল, সেগুলোর পরিবর্তিত সময়সূচি যথাসময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে কেবল চলমান নিয়মিত রুটিন অনুযায়ীই পরীক্ষাগুলো গ্রহণ করা হচ্ছে।
আর/আই