খেলাধুলা

ওয়ানডে অধিনায়ক বদলের কারণ ব্যাখ্যা করলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

গেল বছর ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। 

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি।

বোর্ড সভা শেষে তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, “তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল। আমি মনে করি, আমাদের দুইজন অধিনায়ক থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে, দুইজন অধিনায়ক থাকাই উচিত।”

মিরাজের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তামিম বলেন, “মিরাজ সফল একজন অধিনায়ক। সে পাঁচটি সিরিজের মধ্যে চারটি সিরিজ জিতেছে। আমরা মিরাজকে যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে— সম্প্রতি তাকে সেভাবে দেখছি না, বিশেষ করে ব্যাটিংয়ে।”

তিনি আরও বলেন, “আশা করি, সে আবার ছন্দে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি। তাকে বিষয়টি ব্যাখ্যা করেছি। সে বিষয়টি বুঝতে পেরেছে। দুই পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহেদী হাসান মিরাজ #তামিম ইকবাল