জাতীয়

ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

 গেল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, রাতে খেলতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে হাঁটু গেড়ে বসার সময়ই উপুড় হয়ে মাঠে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। তবে তার কোনো নড়াচড়া না থাকায় তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফসারের আকস্মিক মৃত্যুতে তার ব্যাচমেট ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাকে নিয়ে বন্ধুরা স্মৃতিচারণা করছেন। কেউ কেউ বলছেন, যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় হতাশ ছিলেন তিনি।

চিকিৎসক আবদুন নূর তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেকবার অনেক জায়গায় বলেছি, বাধ্যতামূলকভাবে সবাইকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ দিতে। তামিম ইকবাল বেঁচেছিল এ কারণে। আর সরকারি কর্মকর্তা বাঁচলেন না!’

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #উপসচিব #আশরাফুল আফসার #মৃত্যু