জাতীয়

পেট্রোল পাম্পে জালিয়াতি

তিন ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করলো বিএসটিআই

বায়ান্ন প্রতিবেদন

পেট্রোল পাম্পে গ্রাহকদের সঙ্গে জ্বালানি তেল পরিমাপের প্রতারণা ও জালিয়াতি বন্ধে কঠোর অবস্থানে আছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই ধারাবাহিকতায় আজ বুধবার (১১ নভেম্বর ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান করেছে বিএসটিআই। অভিযানকালে তিনটি ফিলিং স্টেশনের মোট ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে চারটি ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

দুপুরে মালিবাগ অটো সার্ভিস, চৌধুরীপাড়া, তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল কম পাওয়া যায়।

অন্যদিকে, টিকাটুলির এ হাই এন্ড কোং এ তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল কম পাওয়া যায়।

এ ছাড়া খিলগাঁওয়ের  কিকো পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেল কম দেয়ার প্রমাণ পাওয়া যায়।

বিএসটিআই'র উপপরিচালক (মেট্রোলজি) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী তৎপরতা প্রতিরোধে বিএসটিআইয়ের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পেট্রোল পাম্প #বিএসটিআই