জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালে (১৪৪৮ হিজরি) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। একই হিসাবে, ২৯টি রোজা পূর্ণ হলে ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ মার্চ। রমজান ও ঈদের সম্ভাব্য এ তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে।
তবে জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি (রোববার) শেষ হবে। সে হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ (সোমবার) হবে শেষ রোজা এবং পরদিন ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
তবে হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসের শুরু ও শেষ নির্ধারণে চাঁদ দেখাই চূড়ান্ত ভিত্তি। তাই জ্যোতির্বিজ্ঞানীদের আগাম হিসাব সম্ভাব্য তারিখ নির্দেশ করলেও রমজান ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার পরই দেবে।
সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান ও ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়ে থাকে।
এসি//