পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সুতরাং আমি ধরে নেব, এ বিষয়ে কোনো উদ্বেগ নেই।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। এই মুহুর্তে দুই দেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অভিবাসন— সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে বিস্তারিত আলাপ করা যায় না। সার্বিক অগ্রগতির পথ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ নিয়ে কোন আলোচনা হয়নি। এ বিষয়ে আলোচনা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোন প্রসঙ্গ তোলেনি।
আই/এ