আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা ধরে রাখতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমিতে কর্মসংস্থানকেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অবৈধ পথে বিদেশ যাত্রার বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, বাংলাদেশ আর অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নেবে না। অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা কিংবা দালালের প্রতারণার শিকার হলে এর পরিণতি গুরুতর হতে পারে। দেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বিদেশগামী কর্মীদের দক্ষ করে তুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এতে রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে এবং বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁকিও কমবে।
এর আগে আনসার-ভিডিপি একাডেমিতে পৌঁছে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি ও বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএ//