বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল। তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আনোয়ারুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্পিনিং মিল, হিমাগার, গ্যাস, কৃষি, পশু খাদ্য, ট্রেড, শিল্প, শিপিং এবং ব্যাংকিংসহ বিভিন্ন খাতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে সম্রাট গ্রুপ অব কোম্পানিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ খান বেলালের পরিচালক হিসেবে মার্কেন্টাইল ব্যাংকে সর্বশেষ মেয়াদ ২০২৪ সালের জুনে নবায়ন করা হয়।
মার্কেন্টাইল ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অংশ হিসেবে এম এ খান বেলালকে নতুন চেয়ারম্যান করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের সেপ্টেম্বরে সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালে উদ্যোক্তা পরিচালক আনোয়ারুল হক মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
এসি//