সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় ও মানুষের কাছে গ্রহণযোগ্য করতে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ। পাশাপাশি জরুরি আর্থিক প্রয়োজন দেখা দিলে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে জমা অর্থ তুলে নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
এ ছাড়া কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার বিষয়টিও প্রস্তাবের মধ্যে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পর্ষদ প্রস্তাবগুলো অনুমোদন করলে পরবর্তী সময়ে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বর্তমানে সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি কর্মসূচি চালু রয়েছে। এগুলো হলো- প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি কর্মসূচিতে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। এসব নিবন্ধিত ব্যক্তির জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।
এসি//