আন্তর্জাতিক

ইরানের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার সময়ে ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শনের জন্য তিনি ইরানি জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (০১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমান সংঘাতের সূচনা হয়েছিল ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। 

তিনি বলেন, ওই ঘটনার পর থেকে ইরান যুদ্ধ, আন্তর্জাতিক চাপ ও ধারাবাহিক বৈরিতার মুখোমুখি হলেও দেশের জনগণ ঐক্য ও দৃঢ়তার সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, চলমান সংকটের মধ্যে সম্ভাব্য সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্যও সরকার প্রস্তুতি নিচ্ছে।

আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে তিনি বলেন, আগামী দুই বছরের প্রয়োজন বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে কী ধরনের পণ্য বা সরঞ্জাম মজুত করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আরেফ বলেন, দেশের অভ্যন্তরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে যেকোনো সম্ভাব্য সংকট মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #ইসরাইল #পেজেশকিয়ান