বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের দুঃখ পেছনে ফেলে ফের মাঠে ফিরেছেন লিওনেল মেসি। পরাজয়ের বেদনা সঙ্গী করে মাঠ ছাড়া আর্জেন্টাইন জাদুকর ১৩ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি।
রোববার (২ আগস্ট) মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে কলাম্বাস ক্রুর বিপক্ষে নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ ড্রয়ে শেষ হয়।
ফাইনালে হারের পর থেকেই বিশ্রামে ছিলেন ৩৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। এদিন ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের বদলি হিসেবে যখন তিনি বেঞ্চ থেকে মাঠে নামেন, তখন পুরো স্টেডিয়ামজুড়ে ছিল স্বাগতিক দর্শকদের তুমুল উল্লাস।
মাঠে নামার মোটে তিন মিনিটের মাথাতেই লুইস সুয়ারেজের বাড়ানো পাস ডি-বক্সে পেয়ে বা পায়ের জোরালো শট নেন তিনি। গ্যালারির দর্শকরা গোল উদযাপনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত বল কাছের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়, যা হতবাক করে দেয় সবাইকে। ওই সুযোগটি কাজে লাগাতে পারলে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার স্বস্তি পেত মায়ামি।
এর আগে ম্যাচের প্রথমার্ধে লুইস সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে দুই গোলের লিড পেয়েছিল স্বাগতিকরা। উরুগুয়ান এই ফরোয়ার্ড প্রথমে কলাম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুলটের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে বল জালে পাঠান এবং পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
তবে সেই দুই গোলের লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ঘরের মাঠে অভিষেক ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর এক আত্মঘাতী গোলে ব্যবধান কমে যায়। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে ব্রাইস মেনডেজের নিখুঁত ফ্রি কিকে সমতা ফেরে কলাম্বাস ক্রু, ফলে জয় হাতছাড়া হয় মায়ামির।
বিশ্বকাপের পর মেসি ছাড়াও বিশ্রামেই ছিলেন তার ক্লাব ও জাতীয় দলের ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো ডি পল। চলতি সপ্তাহেই অনুশীলনে ফেরা দুজনের মধ্যে ডি পল এদিন ছিলেন মায়ামির শুরুর একাদশে।
আর/আই