দেশজুড়ে

সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

মঙ্গলবার (০৪ আগস্ট) ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ভোররাতে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি-সংলগ্ন সীমান্তে অবস্থান করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন।

আহত অবস্থায় উদ্বার করে তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মেজর তোয়াসিন হাবিব জানান, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ #সীমান্ত #হত্যা