জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা

বায়ান্ন প্রতিবেদন

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী তৎপরতা মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দিবসটি ঘিরে জারি করা আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি আগাম তথ্য সংগ্রহে এলাকাভিত্তিক তথ্যদাতা নিয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। এসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নিরাপত্তা দায়িত্বে র‍্যাব নিজস্ব সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথেও সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বাহিনীটির তথ্য অনুযায়ী, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতা ঠেকাতে দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জুলাই গণঅভ্যুত্থান দিবস #র‍্যাব