দেশজুড়ে

ছয় ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। উদ্ধারকারী দলের টানা অভিযানের পর ক্ষতিগ্রস্ত বগি সরিয়ে প্রায় ছয় ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ৫ টা ৪৩ মিনিটে আবারও রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এরা আগে সকাল ১০টা ৫৫ মিনিটে শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে।পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর রেললাইনের প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা পরীক্ষা শেষ হলে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে উদ্ধারকাজ শেষ হয়। পরে বিকেল ৫টা ৪৩ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশন ত্যাগ করলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।

ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। কমিটির নেতৃত্বে রয়েছেন পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া। সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবু হেনা মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিল্কসিটি এক্সপ্রেস #সিরাজগঞ্জ