রাজধানী

কালভার্টের নিচে পড়েছিল মাথা ও দুই হাত, খোঁজ নেই বাকি অংশের 

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি কালভার্টের নিচ থেকে এক নারীর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ৯টার দিকে সবুজবাগ এলাকার একটি কালভার্ট ব্রিজের নিচ থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে হত্যার পর মরদেহ খণ্ডিত করে সেখানে ফেলে রাখা হয়। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহের শুধু মাথা ও দুই হাত উদ্ধার করা হয়েছে। শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের অংশ দেখে এটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ কারণে ঘটনাস্থলে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে। হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #অর্ধগলিত খণ্ডিত মরদেহ #রাজধানী #সবুজবাগ