গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে লংমার্চ এবং রাজধানীতে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট সব ঘটনার বিচার নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকটের সমাধানের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতেই ধারাবাহিক এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে খুলনা পর্যন্ত সড়কপথে লংমার্চ কর্মসূচি পালিত হবে। এছাড়া ২৪ অক্টোবর (শনিবার) ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলপথে লংমার্চ অনুষ্ঠিত হবে।
ধারাবাহিক কর্মসূচির সমাপনী আয়োজন হিসেবে আগামী ১৪ নভেম্বর (শনিবার) রাজধানী ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় ঘোষিত কর্মসূচিগুলো সফল করতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
এসি//