বিনোদন

ভারত যদি আমার মা হয়, পাকিস্তান মাসি: সানি দেওল

বিনোদন ডেস্ক

আসন্ন চলচ্চিত্র ‘বাটওয়ারা ১৯৪৭’–এর প্রচারণায় এসে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সানি দেওল। তার একটি মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি ভারতের পাটনায় চলচ্চিত্রটির প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াত বাবা ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর একটি পুরোনো বক্তব্য স্মরণ করেন সানি দেওল।

সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।’

সানি দেওল জানান, দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে দীর্ঘদিনের যৌথ ইতিহাস, সংস্কৃতি ও আত্মীয়তার সম্পর্ক ছিল।

তার মতে, ধর্মেন্দ্রর ওই মন্তব্যে সেই ঐতিহাসিক ও মানবিক বন্ধনেরই প্রতিফলন ঘটেছে। দুই দেশের মানুষ নানা দিক থেকে এখনো একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত বলেও তিনি উল্লেখ করেন।

তবে বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে নিতে চান না বলেও স্পষ্ট করেন এই অভিনেতা।

তার মতে, একজন শিল্পীর প্রধান কাজ গল্প বলা; রাজনীতি করা নয়। অভিনেতারা একটি গল্প নির্বাচন করে সেটিকে পর্দায় তুলে ধরেন, আর সেই গল্পকে রাজনৈতিক বিতর্কে রূপ দেওয়া তাদের উদ্দেশ্য নয়। দেশভাগের মতো ঘটনায় অসংখ্য জটিলতা তৈরি হলেও শিল্পের মূল দায়িত্ব মানুষের অনুভূতি ও মানবিকতার গল্প তুলে ধরা বলেও তিনি মন্তব্য করেন।

সানি দেওলের নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ নির্মিত হয়েছে লেখক আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক ‘জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই’–এর কাহিনি অবলম্বনে।

১৯৪৭ সালের দেশভাগকে পটভূমি করে নির্মিত এ চলচ্চিত্রে দেখা যাবে, একটি মুসলিম পরিবার লাহোরে একটি হাভেলি বরাদ্দ পায়। সেখানে গিয়ে তারা জানতে পারে, বাড়িটিতে এখনো বসবাস করছেন এক বৃদ্ধা হিন্দু বিধবা। নিজের ভিটেমাটি ছেড়ে যেতে তিনি কোনোভাবেই রাজি নন। এই মানবিক দ্বন্দ্ব ও আবেগঘন পরিস্থিতিকে ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।

চলচ্চিত্রটিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল এবং অভিমন্যু সিং। আগামী ১৪ আগস্ট ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

এরই মধ্যে পাটনার প্রচারণা অনুষ্ঠানে সানি দেওলের ‘ভারত যদি মা হয়, পাকিস্তান হলো মাসি’ মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সানি দেওল #পাকিস্তান #ভারত