মানসিক শান্তি কিংবা জীবনের নানা সংকট থেকে মুক্তির আশায় অনেকেই ছুটে যান কথিত সিদ্ধপুরুষ ও সাধুবাবাদের কাছে। ব্যক্তিগত সমস্যা থেকে পারিবারিক জটিলতা—সমাধানের আশায় তাদের কাছে ভিড় করেন অনেকে। তবে এই আস্থাকে পুঁজি করে প্রতারণার অভিযোগও কম নয়। অতীতে সাধকের বেশে নারী ও শিশুদের হয়রানি এবং নানা ধরনের প্রতারণার অভিযোগে অনেকের নাম উঠে এসেছে সংবাদমাধ্যমে।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আলোচনায় এসেছে এমনই এক সাধুর কর্মকাণ্ড। নেটদুনিয়ায় তাকে দেওয়া হয়েছে ‘লিপ কিস বাবা’ নাম।
‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের এবং কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের আশীর্বাদ করছেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের অভিযোগ, কাপড় দিয়ে মুখ আড়াল করার সময় ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। এ নিয়ে প্রশ্নও উঠেছে—পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ দেখা যায় না কেন?
তবে সাধুটির কয়েকজন অনুসারী বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের দাবি, এটি কোনো কোনো আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের একটি আচার হতে পারে।
তবে ভিডিওতে আসলে কী ঘটেছে, সেটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকেও নিশ্চিত সত্য হিসেবে বলা যাচ্ছে না।
এর মধ্যেই ভিডিওটি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ প্রশ্ন তুলছেন ওই সাধুর আচরণ নিয়ে, আবার কেউ এটিকে আধ্যাত্মিক আচার হিসেবে দেখার আহ্বান জানাচ্ছেন। সব মিলিয়ে, ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রকৃত ব্যাখ্যা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও ‘লিপ কিস বাবা’ নামটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আনন্দবাজার
এসি//