স্বর্ণের বাজারে যেন স্থিরতা নেই। এক দিন দাম কমার পরের দিনই আবার বড় অঙ্কে বাড়ল মূল্য। দেশের বাজারে এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন—বাজুস জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দরেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। এর প্রভাবেই সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
এর আগে শুক্রবার ৭ আগস্ট সকালে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। কিন্তু এক দিন না যেতেই এবার আবারও দাম বাড়ানো হলো।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারিত রয়েছে।
এসি//