বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের একটা বিরোধীদল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলত, তারাও সেই ভাষায় কথা বলছে করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মেজরিটি পেয়েছি, আমরা সংসদ চালাব, দেশ চালাব। সেটিতে যদি আমরা ব্যর্থ হই, তখন আপনারা বলবেন দেশ চালাতে পারেন নাই। কিন্তু কাজ করার আগেই যদি আপনারা রাস্তায় নেমে পড়েন, তাহলে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠিত হবে?’
তিনি বলেন, ‘দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। ফ্যাসিবাদী শাসনের পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে সময় প্রয়োজন। এত বড় একটা ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই। দুয়েক দিনে উন্নয়নকাজ বাস্তবায়ন হয় না,’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে এসব জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে তেল ও গ্যাস আমদানিতে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দামও বেড়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে জ্বালানি সংকট রয়েছে। তবে মানুষ একদিনও তেল-গ্যাস থেকে বঞ্চিত হয়নি। সরবরাহ কিছুটা কমেছে। যে সংকট রয়েছে, তা অল্প সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে,’
আই/এ