ইংরেজি ও গণিত- এই দুটি বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করায় সার্বিকভাবে পাসের হার কমে যাচ্ছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সব শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের সময়ের তুলনায় বর্তমানে ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার বেড়েছে। এর প্রভাব পড়ছে সামগ্রিক ফলাফলেও, কমছে পাসের হার।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
অন্যদিকে, ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
এসি//