জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ ঘরে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী (৫০) ও জাহিদুল ইসলাম (৪৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী ওই গৃহবধূকে তার নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম।এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণ মামলা করেন।
তিনি আরও জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাদের দুজনকেই মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।
আর/আই