কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার দোনালার মাথা সংলগ্ন সীমান্ত দিয়ে আজিবর রহমান ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় সীমান্তের ৯৮৮ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় বিএসএফের সদস্যদের সামনে পড়লে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে অসাবধানতাবশত তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন।
এদিকে, আটক যুবককে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “বাংলাদেশের একজন নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ