গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে নিজেদের দখলে রয়েছে বলে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজে পেতে রাখা মাইন অপসারণের কাজ করছে দেশটির নৌবাহিনী ।
গত মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরান ইস্যুতে আমরা ভালোভাবে এগোচ্ছি। হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্য এবং ভবিষ্যতে যা ঘটবে তা আমাদের দেশের জন্য মঙ্গল জনক হবে’।
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের সঙ্গে কোনো প্রকার আলোচনার সম্ভাবনাও একরকম উড়িয়ে দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না। পৃথিবীর সবাই যদি ইরানকে বিশ্বাস করা শুরু করে, সেক্ষেত্রে আমি হবো সর্বশেষ ব্যক্তি। তারা প্রতিনিয়ত আমাকে মিথ্যে বলেছে।
তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছে কিন্তু আমরা একে মাইনমুক্ত করছি। আমাদের নৌবাহিনী শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করে ফেলবে। হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। পুরো প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন হওয়ায়, দীর্ঘ ১৬৭ কিলোমিটারের এই পথ জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রণালীর একপাশে ইরান এবং অপর পাশে ওমান অবস্থিত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তকরাষ্ট্র ইরানে অভিযান শুরুর পর হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রও।
আর/আই