দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি আদেশ অমান্যের অভিযোগে পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বরখাস্তদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভাই ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী।
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-১ ও ২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাকরি থেকে অব্যাহতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন—কক্সবাজার ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।
সরকারি আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনে দীর্ঘ সময় অনুপস্থিত থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অমান্যের কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এমএ//