বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বিএনপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। এতে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।
বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর শূন্য হওয়া রাষ্ট্রপতি পদে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এ নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।
বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।