জাতীয়

প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি নিজের মাসিক মূল বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি মাসে ১ লাখ ১৫ হাজার টাকা মূল বেতনের মধ্যে ১১ হাজার ৫০০ টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিচ্ছেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ই-বুকে সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি না রাখার সিদ্ধান্তকে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্রের কাজ ও জনস্বার্থকে সামনে আনার প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। একই সঙ্গে সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয়ভাবে নেতাদের ছবি টানানোর সংস্কৃতি বন্ধ এবং রাষ্ট্র পরিচালনায় নতুন ধরনের চর্চার কথা উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বিএনপি ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করে। জনগণের সমর্থন নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ১৭ আগস্ট সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হয়েছে।

এ উপলক্ষে প্রকাশিত ই-বুকে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার সময় দেশ আমদানিনির্ভর ও ঋণনির্ভর অর্থনীতি, ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্যে ছিল। সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এসব ক্ষেত্রে পুনর্গঠনের কাজ শুরু করে। তবে প্রথম ১৮০ দিনেই প্রতিটি খাতে শতভাগ সাফল্য অর্জনের দাবি করেনি সরকার।

জনগণের জীবনমান উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে ই-বুকে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করার লক্ষ্যেও কাজ করার কথা জানানো হয়েছে।

সরকারের দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, জবাবদিহি, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের ভিত্তিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে চলছে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ধৈর্য, সহনশীলতা ও রাজনৈতিক সৌজন্যের চর্চাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিবন্দনার সংস্কৃতি কমাতে সরকারি-বেসরকারি অনুষ্ঠানের ব্যানার ও ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধ করা হয়েছে বলে ই-বুকে উল্লেখ করা হয়েছে। সরকারি কার্যালয়, আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েও অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক নেতাদের ছবি টানানোর প্রচলন বন্ধ করার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়িবহরে অতিরিক্ত প্রটোকল না রাখার বিষয়টিও সরকারের নতুন চর্চা হিসেবে তুলে ধরা হয়েছে। দলীয় সংসদ সদস্যদের বাড়ি ও গাড়ির সুবিধা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারি ব্যয় কমানোর ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। সংসদীয় ও সরকারি পর্যায়ে ভোজ, আপ্যায়ন এবং বিদেশ সফরে বড় প্রতিনিধিদল পাঠানোর মতো ব্যয়বহুল কার্যক্রমে কাটছাঁট করা হয়েছে। দেশীয় পণ্য ব্যবহারে অগ্রাধিকার, দীর্ঘ কর্মঘণ্টা, সরল জীবনযাপন এবং প্রশাসনিক অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথাও ই-বুকে বলা হয়েছে।

রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী দলের প্রতি সৌজন্যমূলক আচরণ ও সহনশীলতার নীতি অনুসরণের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রচলিত সংস্কৃতিকে নিরুৎসাহিত করার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।

জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে প্রবাসী কর্মীদের শ্রমিক ঋণ, শিক্ষার্থীদের শিক্ষা ঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর কথা বলা হয়েছে। এর পাশাপাশি ধর্মীয় ব্যক্তিদের ভাতা, কৃষিঋণ মওকুফ, ‘ওয়ান স্টপ ওয়ান সার্ভিস’, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, খুদে বৈজ্ঞানিক প্রকল্প এবং ‘নজরুলবর্ষ’সহ বিভিন্ন উদ্যোগের তথ্যও তুলে ধরা হয়েছে।

ই-বুকে প্রধানমন্ত্রীর বেতন থেকে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে দেওয়ার বিষয়টিও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাসিক মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন তিনি।

 

সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ই-বুকে এসব পদক্ষেপকে সরকারি ব্যয়ে সংযম, ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে রাষ্ট্র ও জনস্বার্থকে অগ্রাধিকার এবং রাষ্ট্র পরিচালনায় নতুন ধরনের চর্চার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী #তারেক রহমান #বেতন #সরকারি কোষাগার