বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এসব কথা জানান।
বার্তায় মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায় সূচিত হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুলের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার ভূমিকার ওপর যে আস্থা রেখেছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে ইরান সরকার ও জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অভিনন্দন বার্তার শেষাংশে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসি//