আন্তর্জাতিক

সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিতকে বিপাকে ফেললেন মোদী!

আন্তর্জাতিক ডেস্ক

সরকারি স্কুলের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, শ্রেণিকক্ষের দৃশ্য ধারণ এবং শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলার পর এবার আইনি ঝামেলায় পড়লেন মহারাষ্ট্রের ‘ককরোচ জনতা পার্টি’র আহ্বায়ক অভিজিৎ দীপকে। অনুমতি ছাড়া বিদ্যালয়ে প্রবেশ, শিক্ষকদের কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে তার ও সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, লাতুর জেলার আওসা থানায় জেলা পরিষদের একটি উর্দু স্কুলের শিক্ষক সৈয়দ শামশাদবানো খাইরাতালির অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।

অভিযোগে বলা হয়েছে, আওসার কাছের জাওয়ালি এলাকার ওই সরকারি স্কুলে অভিজিৎ দীপকে ও তার সহযোগীরা কোনো অনুমতি ছাড়াই প্রবেশ করেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং সরকারি কাজে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

শুধু স্কুলে প্রবেশ করেই থেমে থাকেননি দীপকে।

অভিযোগ অনুযায়ী, তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের দৃশ্য ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। একই সঙ্গে স্কুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলেন। এমনকি অন্য একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনে ওই শ্রেণিকক্ষে বসানো হয়েছিল বলেও তিনি দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষকদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, দীপকে তাদের চাকরি থেকে বরখাস্ত করানোর এবং তাদের নিয়ে মানহানিকর বক্তব্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

অভিজিৎ দীপকে এর আগে লাতুর জেলার বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করে সেখানকার নানা সমস্যা তুলে ধরছিলেন। সরকারি বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষাব্যবস্থার উন্নতির দাবিতে তার দল ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও পরিচালনা করে আসছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়া, অনধিকার প্রবেশ, অপরাধমূলক ভয় দেখানো এবং মানহানির অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন #ককরোচ জনতা পার্টি #অভিজিৎ দীপকে #নরেন্দ্র মোদি