রাজধানী

দূতাবাসে ই-মেইলে হুমকি ভুয়া গ্রুপের কাজ : ডিবি

রাজধানীর বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ভুয়া গ্রুপের কাজবলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সরকারকে বিব্রত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসব কথা বলেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন,  ইন্টারনেটের মাধ্যমে এই গ্রুপ কাজ করছে। এটি একটি ভুয়া গ্রুপ। ই-মেইলে যেসব বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তার সূত্র ধরে তিন-চারজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তারা কিছুই জানে না। তারা সম্পূর্ণ নির্দোষ। এ ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।

 কতটি দূতাবাসে হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে ডিবি প্রধান বলেন, তিন-চারটি দূতাবাসের পাশাপাশি সরকারি কয়েকটি দপ্তরেও এমন ইমেইল পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, এটি পূর্বশত্রুতা বা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য করা হয়েছে। সরকারকে বিব্রত করার জন্যও এটি করা হতে পারে।

এ ঘটনায় এখনও কাউকে আটকের বিষয় নিশ্চিত করেননি তিনি। ঘটনার রহস্য দ্রুত উদঘাটন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ গোয়েন্দা প্রধান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #দূতাবাস #ই-মেইল