বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিরোধী দল সরকারের আগেই ইশতেহার দিয়েছে, বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে, জ্বালানি নিয়েও প্রস্তাব দিয়েছে। জ্বালানি নিয়ে বিশেষ কমিটিতেও প্রস্তাব দিয়েছে। কিন্তু পরবর্তীতে ওই কমিটিকে অকার্যকর করা হয়। সরকারের অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে।
রোববার (২৩ আগস্ট) রাতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়। বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা ভেবেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তন হবে। কারণ তিনিতো অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আইনশৃঙ্খলার পরিবেশ মোটেও উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কী করবেন, যেগুলো ক্রমাগত ব্যর্থ হচ্ছে। এই মন্ত্রণালয়গুলো পুনর্গঠন করা উচিৎ। প্রয়োজনে বিরোধী দল নীতিগতভাবে সহযোগিতা করবে।”
তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে সরকার যথেষ্ট আত্মবিশ্বাসহীন। সরকার ভারত সফর করবে কি করবে না, সেটা নিয়েও জনগণকে সুনির্দিষ্ট বার্তা দিতে পারছে না। শেখ হাসিনার ব্রিফিংয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার।
তিনি আরও বলেন, ১৮০ দিনের ব্যর্থতার জন্য তারেক রহমানের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু সেটা না করে সরকার মিথ্যাচার করছে। মন্ত্রিপরিষদ আবার গঠন করা হল। তার মানে তাদের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না। এই মন্ত্রিপরিষদ আরও পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে বেশির ভাগ মন্ত্রীরা তাদের কার্যক্রমে আগামীতে ব্যর্থ হবে।
আই/এ