মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অভিযুক্ত যুবকের নাম শাওন, সে শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। এছাড়াও মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তার বাবা ও মা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেন।
হামলায় আহত তিনজন হলেন, বাড়ির মালিক সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, শাওন ও স্মৃতি আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই সম্পর্কের জেরে এই নৃশংস হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আরও জানান, গভীর রাতে কৌশলে বাড়িতে প্রবেশ করে শাওন ধারালো অস্ত্র নিয়ে স্মৃতি আক্তারের ওপর হামলা চালায়। একপর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে স্মৃতির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেয় সে। মেয়ের আত্মচিৎকারে পাশের কক্ষ থেকে বাবা-মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই বখাটে যুবক।
ওসি হুমায়ন কবির জানান, ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে গেলেও তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আর/আই