জাতীয়

ফ্যাসিবাদী সরকারের আমদানিনির্ভর নীতির কারণেই বর্তমান জ্বালানি সংকট : জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, সরকার সর্বাত্মকভাবে গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। পতিত ফ্যাসিবাদী সরকারের আমদানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি নীতির কারণেই আজকের সংকট।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউন হলে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক ও কোটবাড়ী এএইচকে স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপনবিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলমান আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহের যে চ্যালেঞ্জ এটাও সংকটের অন্যতম কারণ।  জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে। দেশের গ্যাস উত্তোলন, নবায়নযোগ্য জ্বালানি ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির মজুত তৈরি করা এবং আমাদের নিজস্ব যে গ্যাস সংযোগ আছে, যেমন ভোলাতে ইতিমধ্যে আবিষ্কৃত সেখানকার গ্যাস কীভাবে ম্যানুয়ালি আনা যায় এসব উৎপাদনে মধ্যম মেয়াদী উদ্যোগ নেওয়া হয়েছে।  এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এর সুফল পাবো।  এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, একমাত্র যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।  এ কারণে সরকারকে ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হয়েছে।  এতে একদিকে আর্থিক চাপ তৈরি করেছে, অন্যদিকে গ্যাস পাওয়া যাচ্ছে না।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘ গণঅভ্যুত্থানের পরে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং এখনো যারা শরীরে ক্ষত নিয়ে জীবনযাপন করছেন, তাদের প্রতি আমাদের যে ঋণ সেটি হচ্ছে গণতান্ত্রিকভাবে এবং সমস্ত উন্নয়নকে পরিকল্পিতভাবে গড়ে তোলা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জোনায়েদ সাকি